সামনে রমজান : ঈদগাঁওতে যানজট নিরসনে প্রশাসনের পদক্ষেপ জরুরী

দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের যথাযথ তদারকি, সন্তুষ্টজনক ট্রাফিক ব্যবস্থাও সুশৃঙ্খল প্রশাসনিক নজরদারী অভাবে ঈদগাঁও স্টেশন, বাজারের ডিসি সড়ক, হাইস্কুল গেইট,কাঁচাবাজার,শাপলা চত্তর ও বাঁশঘাটা সড়কসহ বাজারের বিভিন্ন অলিগলির দুইপাশ দখল করে আছে ফুটপাত দখলচক্র। সেইসাথে যত্রতত্র গাড়ি পার্কিংয়ে দূর্বিসহ হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রার মানও।

কিছুদিন পূর্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারের অবৈধ স্থাপনা ও যানজট মুক্তকরণ অভিযান পরিচালনার ফলে তাৎক্ষণিক কিছুটা সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলেও অভিযানের পর পরই আবারও দখলরাজ শুরু হয়। এই বিষয়ে বেশ কয়েকজন বাজার ব্যবসায়ীর সাথে কথা হলে তারা জানান, বাজারের অবৈধভাবে ফুটপাত দখলের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ না নেয়া পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক হবার নয়। সেই সাথে অবৈধভাবে ফুটপাত দখলের বিরুদ্ধে বাজার কমিটি ও যার যার দোকানের সামনে সড়কের অংশবিশেষ দখল করে উপভাড়া দিচ্ছেন সবাইকে বাজারের ফুটপাত অবমুক্ত ও যানজট নিরসনে আন্তরিক ভূমিকা পালন করতে হবে।

সরজমিনে দেখা যায়, বৃহৎ এলাকা জুড়ে বিস্তৃত ঈদগাঁও বাজারের প্রধান সড়ক থেকে শুরু করে উপসড়কসমূহ, সংযোগ সড়কের অলিগলি ফুটপাত দখল করে আছে দোকানের পণ্যপসরা, তরিতরকারির দোকান, ভাসমান হকার, কবিরাজী ঔষুধ বিক্রেতা, মৌসূমী ফল বিক্রেতা ও হার্ডওয়ার সামগ্রী। সবচেয়ে কঠিন, সাপ্তাহিক বাজারের দিন সকাল থেকেই ডিসি সড়ক দখল করে বসে ছাগল বাজার। ছাগলের অপরিষ্কার বর্জ্য আবর্জনা একদিকে যেমন চলাচল বিঘ্নিত করছে তেমনি অন্যদিকে দূষণ করছে নিরাপদ পরিবেশ। প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। ফলে বিভিন্ন হাসপাতালে যাতায়াতকারী রোগী, শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতকারী শিক্ষার্থীসহ সাধারণ জনগণের দূর্ভোগ চরম আকার ধারণ করেছে।

আসছে রমজানের পবিত্রতা রক্ষার্থে ঈদগাঁও বাজারের দ্রব্যমূল্য নিয়ত্রণ, যানজট নিরসন, পথচারী পারাপার নির্বিঘ্নে করত ফুটপাত দখল উচ্ছেদ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অচিরেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর