নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সোনারগাঁ পৌরসভা। ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস, মশক নিধন এবং পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দিনব্যাপী এ কর্মসূচি পরিচালনা করা হয়।
ডেঙ্গু মশক নিধন দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় ব্যানার নিয়ে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মশার সম্ভাব্য প্রজননস্থল, জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন স্থান চিহ্নিত করে পরিষ্কার করা হয়। একই সঙ্গে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, পরিত্যক্ত পাত্র ও আবর্জনা নিয়মিত পরিষ্কার করা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুবদল নেতা কাওসার আহম্মেদ ও রাকিব হাসান এবং বিএনপি নেতা মাসুম রানাসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, শুধু মশক নিধন অভিযান পরিচালনা করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ জন্য পৌরবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।
তারা বলেন, ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয়ে সবাইকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
সোনারগাঁ পৌরসভা জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি পৌরবাসীকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। ডেঙ্গু প্রতিরোধে পৌর কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
