এক জায়গায় নয়, বিভিন্ন এলাকায় এআই ডেটা সেন্টার বানাবে আরব আমিরাত: নেপথ্যে যে কারণ

ইরানের হামলার পর গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর অংশ হিসেবে আবুধাবিতে বিশ্বের অন্যতম বড় ৫ গিগাওয়াট ক্ষমতার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার প্রকল্পের পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

প্রকল্পটি প্রথমে আবুধাবিতে ২৬ বর্গকিলোমিটার এলাকাজুড়ে একটি বিশাল ক্যাম্পাস হিসেবে নির্মাণের পরিকল্পনা ছিল। তবে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট চারজনের তথ্য অনুযায়ী, এখন ইউএইর বিভিন্ন এলাকায় একাধিক ডেটা সেন্টার ছড়িয়ে দিয়ে একটি নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি এবং বিস্ফোরণ প্রতিরোধী অবকাঠামো যুক্ত করার বিষয়ও বিবেচনায় রয়েছে। কিছু স্থাপনা মাটির নিচে এমনকি পাহাড়ের ভেতরে নির্মাণের পরিকল্পনাও ভাবা হচ্ছে।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অংশীদারত্বে গড়ে ওঠা এই প্রকল্প ইউএইর বৈশ্বিক এআই শক্তিতে পরিণত হওয়ার পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। এটি পরিচালনা করছে এআই প্রতিষ্ঠান জি৪২। প্রকল্পের প্রথম ধাপ ‘স্টারগেট ইউএই’ নামে পরিচিত। ৩০ বিলিয়ন ডলারের এই ধাপে ১ গিগাওয়াট ক্ষমতার কম্পিউটিং অবকাঠামো তৈরি হচ্ছে। এর প্রথম ২০০ মেগাওয়াট চলতি বছর চালু হওয়ার কথা।

রয়টার্সকে জি৪২ জানিয়েছে, এআই ক্যাম্পাসের কাজ পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা ও স্থিতিস্থাপকতার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রকল্পের বিভিন্ন দিক নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।

সূত্রগুলো জানিয়েছে, প্রকল্পের প্রথম ধাপের কাজ চালু থাকলেও বাকি অংশ একাধিক স্থানে ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপে পরিত্যক্ত খনি, পুরোনো বাংকার ও গুহার ভেতর ডেটা সেন্টার নির্মাণের নজির রয়েছে।

 

 

এনএএন টিভি