প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয় যা অবিশ্বাসযোগ্য: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতে, প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়, যা অবিশ্বাসযোগ্য। যারা তথ্য দিচ্ছে তাদের হিসাব খতিয়ে দেখা উচিত বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান পেপার সাবমিট করেন, যার বেশিরভাগই মানসম্পন্ন না।

বুধবার (৯ জুলাই) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিটে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন এফআরসির চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভুঁইয়া।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “এনবিআরের মতে প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য ট্যাক্স দেখান। এই তথ্য সত্যি হলে বিষয়টি উদ্বেগজনক। যারা এই ৭০ শতাংশ শূন্য রিটার্ন দিচ্ছেন, তাদের আয়-ব্যয়ের হিসাব খতিয়ে দেখা উচিত। সঠিকভাবে অডিট না হলে রাজস্ব আদায়ে মারাত্মক ঘাটতি তৈরি হবে।”

তিনি বলেন, “অডিটিং ও একাউন্টিং খাত শুধু কাগজে-কলমে ঠিক থাকলেই হবে না। যারা অডিট করেন, তাদের সততা ও অন্তর্দৃষ্টি থাকতে হবে। অনেক প্রতিষ্ঠান কেবল নিয়ম রক্ষা করতে মানহীন রিপোর্ট জমা দেয়, যা দেশের আর্থিক শৃঙ্খলার জন্য বিপজ্জনক।”

গভর্নর ও বর্তমানে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, “দেশের অধিকাংশ ব্যাংকের অডিট রিপোর্টে গরমিল রয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ঝুঁকিভিত্তিক তদারকি (রিস্ক বেসড সুপারভিশন) পদ্ধতি পুরোপুরি কার্যকর করা হবে। স্বচ্ছ অডিট ছাড়া দেশি ও বিদেশি বিনিয়োগকারীর আস্থা অর্জন সম্ভব নয়।”

 

এনএএন টিভি