আলিয়ার সই জাল করে টাকা তোলার অভিযোগ, ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের জুহু পুলিশ। অভিনেত্রী আলিয়া ভাটের সই নকল করে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগে বেদিকাকে গ্রেপ্তার করা হয়েছে।

আলিয়ার ব্যক্তিগত সহকারী ছিলেন বেদিকা প্রকাশ শেঠি। টাইমস অব ইন্ডিয়ার খবর, মোট ৭৬.৯ লাখ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে আলিয়ার প্রাক্তন ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে। বেদিকা প্রকাশ শেঠি শুধু আলিয়ার অ্যাকাউন্টই নয়, অভিনেত্রীর প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকেও দফায় দফায় টাকা তুলেছেন বলে অভিযোগ রয়েছে।

অভিনেত্রীর মা সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে বেদিকাকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের জুহু থানার পুলিশ। চলতি বছরের শুরুতে দেবিকার নামে অভিযোগ দায়ের করেছিলেন সোনি রাজদান।

একটা সময় নায়িকার যাবতীয় কাজকর্ম সামলাতেন বেদিকা। তবে সকলের অজান্তে আলিয়ার প্রযোজনা সংস্থা, ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৭৬ লক্ষ রুপির বেশি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট— দুই বছর ধরে বেদিকা জালিয়াতি চালান। প্রশাসন সূত্রের খবর, অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

 

এনএএন টিভি