আগামী চার বছরে বাংলাদেশকে ৩০০ কোটি ডলার যা বর্তমান মুদ্রা বিনিময় হার হিসেবে সাড়ে ৩১ হাজার কোটি টাকা ঋণ দেবে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার ইনচনে দুদেশের মধ্যে এ সংক্রান্ত একটি ফ্রেমওয়ার্ক চুক্তি সই হয়।
বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান ও কোরিয়ার পক্ষে অর্থ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কি সুন ব্যাং চুক্তিতে সই করেন।
মেট্রোরেল ও রেলপরিবহনসহ বেশ কয়েকটি খাতে ঋণের এ অর্থ দেয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ইআরডি।
২০২৩-২৭ মেয়াদে দক্ষিণ কোরিয়ার এ ঋণের অর্থ পাওয়া যাবে। ঋণের বার্ষিক সুদের হার দশমিক শূন্য ১ থেকে দশমিক শূন্য ৫ শতাংশ,
ঋণ পরিশোধের সময়সীমা ৪০ বছর এবং গ্রেস পিরিয়ড হবে ১৫ বছর।
১৯৯৩ সাল থেকে দক্ষিণ কোরিয়া সরকার দেশটির এক্সিম ব্যাংকের মাধ্যমে সামাজিক ও
অবকাঠামোগত উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশকে নমনীয় ঋণ (সফট লোন) সুবিধা দিয়ে আসছে।
এ ঋণের আওতায় ইতোমধ্যে ৬৬ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ডলারের ১৭টি প্রকল্পের কাজ শেষ হয়েছে
ও চলমান আছে ৬১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ডলারের ৭টি প্রকল্প।
এখন পর্যন্ত বাংলাদেশ কোরিয়া সরকারের থেকে প্রায় ১৪৪ কোটি ৯০ লাখ ডলার নিয়েছে,
যা কোরিয়ার উন্নয়ন অংশীদার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
এর বাইরেও বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং
কোরিয়ার অর্থ মন্ত্রণালয়ের মধ্যে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (লাইন-৪) সমঝোতা স্মারক সই হয়।
এ প্রকল্প সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে বাস্তবায়ন করা হবে।
এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রেলওয়ের বাস্তবায়নে ‘রিপ্লেসমেন্ট অ্যান্ড মডার্নাইজেশন অব সিগনালিং অ্যান্ড
ইন্টারলকিং সিস্টেম অব স্টেশনস অব ইশ্বরদী-পার্বতীপুর সেকশন অব ওয়েস্ট জোন’ প্রকল্প বাস্তবায়নে ৬ কোটি ১০ লাখ ডলার এবং
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে বিআরটিসির জন্য সিএনজি সিঙ্গেল ডেকার বাস কেনার
একটি প্রকল্পে ৭ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ডলার ঋণের চুক্তি স্বাক্ষরিত হয় বলে ইআরডি প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন :

Comments are closed.