আজ ২য় রাউন্ড ’অ্যাডম্যাক ২০২৩’ লড়াইয়ের

স্নাতক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে সফল মার্কেটিং প্রতিযোগিতা ‘অ্যাড মেকার বাংলাদেশ ২০২৩’ দীর্ঘ তিন বছর পর আরও ব্যাপক পরিসরে ফিরে এসেছে। ব্যবসায়ে আগ্ৰহী শিক্ষার্থীদের জন্য সবচেয়ে সফল মার্কেটিং সাইট এ ‘অ্যাড মেকার বাংলাদেশ‘।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান মিলনায়তনে এ প্রতিযোগিতার ২য় রাউন্ড অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় অ্যাড মেকার বাংলাদেশের আয়োজকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি অ্যাড মেকার বাংলাদেশের প্রথম রাউন্ড সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগীদের দেয়া অনলাইন ভিডিও কমিউনিকেশন (ওভিসি) থেকে তাদের সৃজনশীল প্রতিভা এবং সিনেমাটোগ্রাফি পরিদর্শনের পর, ৬০০টিরও বেশি দল থেকে মাত্র ৭২টি দলকে ২য় রাউন্ডের জন্য মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যাড মেকার বাংলাদেশ প্রতিযোগীদের কাছ থেকে সেরাটা আনতে ও মার্কেটিং জগতকে অভিনব ধারণা উপহার দিতে সক্ষম হয়েছে। এই বছরও এর ব্যতিক্রম নয়।

২য় রাউন্ডে মূলত রয়েছে কেস সল্ভিং। বিচারকদের সামনে প্রতিযোগীদের নিজ নিজ কেসগুলো উপস্থাপনা করতে হবে। ইতোমধ্যেই ২০ ফেব্রুয়ারি প্রতিযোগীদের কেসগুলো নিজ নিজ মেইলে পাঠানো হয়েছে।

অংশগ্রহণকারীদের বিশ্লেষণাত্মক দক্ষতা ব্যবহার করে জটিল কেসগুলো সমাধান করে ২৫ ফেব্রুয়ারি সেগুলো উপস্থাপন করতে হবে।

গ্রামীনফোন, রবি, মেরিকো, এনআরবিসি, মননো সিরামিকসহ অনেক মাল্টিন্যাশনাল কোম্পানির বিচারকদের উপস্থিতিতে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।