আমদানি-রফতানি বন্ধ শবেবরাত উপলক্ষে বেনাপোল এ

পবিত্র শবেবরাত উপলক্ষে সরকারি ছুটিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

বুধবার (৮ মার্চ) বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল।

তিনি জানান, শবেবরাত উপলক্ষে ছুটি থাকায় বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে এ পথে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ পথে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত সচল রয়েছে।

এছাড়া বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু হবে বলেও জানান তিনি।

এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় বন্দরের দুই পাশের প্রবেশদ্বারে প্রায় হাজারেরও বেশি পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এসব ট্রাকে শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, শিশু খাদ্য, মাছ ও বিভিন্ন ধরনের সবজি ও ফল জাতীয় পণ্য রয়েছে।