ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ পাওয়ার কথা থাকলেও নানা ভোগান্তির মুখে খুলনার নারী উদ্যোক্তারা। এতে অনেক নারী ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।
রং ও কেমিক্যাল মিশিয়ে কাঠের তৈরি ডাইস দিয়ে পাটের ব্যাগের ওপর বিভিন্ন নকশা ফুটিয়ে তুলছেন খুলনার রায়ের মহল এলাকার একদল নারী উদ্যোক্তা।
শুধু ব্যাগের ওপর নকশা নয়, হাতের নিপুণ কারুকার্যে তৈরি করছেন জামা, ওড়না, বুটিক থ্রি পিসসহ বহুমুখী পাটজাত পণ্য। দেশে সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ফাউন্ডেশনের মাধ্যমে নারীদের ব্যবসাসংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছে।
পরবর্তীতে এসব উদ্যোক্তার জামানত ছাড়া সহজ শর্তে ঋণ দেয়ার কথা থাকলেও নানা শর্তের বেড়াজালে ঋণ পাওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়ছেন তারা। এ কারণে অনেক নারী ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। আবার কেউ কেউ এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে পরিশোধে হিমশিম খাচ্ছেন।
এক নারী উদ্যোক্তা বলেন, ‘আমরা সঠিক তথ্য না জানার কারণে অনেক সময় আমাদের বেশি টাকা দিতে হয়, অথবা তারা আমাদের ঘুরায়।’
এদিকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ দেয়ার দাবি জানিয়েছেন খুলনা জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতির সভাপতি মো. ইফতেখার আলী বাবু।
অন্যদিকে ভোগান্তি নিরসনে কাজ করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা।
উল্লেখ্য, খুলনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ৬২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ঋণ দিয়ে থাকে।
