বেড়েছে মাছের দাম, স্বস্তি নেই মাছের বাজারে

মাছের বাজারে নেই স্বস্তি। বরিশালে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে মাছের দাম। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই হাঁক-ডাক আর ক্রেতা-বিক্রেতার পদচারণায় সরগরম বরিশাল বিভাগের সবচেয়ে বড় মাছের এ মাছের মোকাম।

সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়। এছাড়া রুই ২৫০ থেকে ৩০০ টাকা, গলদা চিংড়ি ৯০০ টাকা, পোমা ২২০ টাকা, কৈ ১৬০ থেকে ২০০ টাকা, শিং ৩৫০ টাকা, ট্যাংরা ৫৫০ টাকা, টাকি ২৫০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, চায়না পুটি ১২০ টাকা, গ্রাস কার্প ১৮০ টাকা, সিলভার কার্প ১১০ টাকা, কোরাল ৭৫০ টাকা, রূপচাঁদা ৮০০ টাকা ও পাঙ্গাস ১৭০ টাকা থেকে ১৮০ টাকা।

মাছের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। এক ক্রেতা বলেন, মাছের দাম নাগালের বাইরে। তাই চাইলেও মাছ কিনতে পারছি না। দাম একটু কমলে আমাদের জন্য ভালো হয়।

আরেক ক্রেতা আক্ষেপ করে বলেন, আমরা কীভাবে মাছ কিনে খাবো? প্রতি সপ্তাহেই দাম বাড়ছে। তবে বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজার চড়া। চলতি সপ্তাহের শেষে সরবরাহ স্বাভাবিক হলে দাম কমার আশা করছেন তারা।

এক বিক্রেতা বলেন, যে পরিমাণ মাছের চাহিদা রয়েছে, তার চার ভাগের এক ভাগ সরবরাহ হচ্ছে। জেলেরা মাছ তেমন একটা আনতে পারছেন না। নদীতে মাছ কম। এ জন্য বাজারে দাম বেশি।

তবে মাছের সরবরাহ সপ্তাহ ব্যবধানে বাড়লে, দামও সবার হাতের নাগালে চলে আসবে বলে আশ্বাস দেন বরিশাল পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্র আড়তদার সমিতির অর্থ সম্পাদক ইয়ার হোসেন শিকদার।

উল্লেখ্য, পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রে ১৭০টি আড়তে প্রতিদিন ৪০ থেকে ৫০ লাখ টাকার মাছ বেচাকেনা হয়।

Share this news as a Photo Card