বাংলা নববর্ষ সামনে রেখে মাটির তৈজসপত্র তৈরিতে ব্যস্ত শেরপুরের মৃৎশিল্পীরা ।
একসময় ব্যবসা জমজমাট থাকলেও প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় কদর হারিয়েছে এ শিল্প।
এদিকে পেটের তাগিদে কারিগররাও পেশার পরিবর্তন করছেন।
সামনেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
রোববার (৯ এপ্রিল) সরেজমিনে ঘুরে দেখা যায়, পহেলা বৈশাখ ঘিরে শেরপুরের মৃৎশিল্পীরা মাটির তৈজসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।
তারা চাহিদা মেটাতে হাতে তুলে নিয়েছেন মাটি, তৈরি করছেন মাটির তৈজসপত্র। ফলে দম ফেলার ফুরসত নেই মৃৎশিল্পীদের।
কিন্তু কাঁচামাল স্বল্পতা ও সব জিনিসের বাড়তি দামের বাজারেও সঠিক মূল্য না পাওয়ার আক্ষেপ তাদের।
তাই এই পেশাকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তার দাবি এই শিল্পের সঙ্গে জড়িতদের।
এক মৃৎশিল্পী বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে শুধু ঐতিহ্য ধরে রাখার জন্য কিছু কিছু পণ্য তৈরি করছি।
আগের বেশি পরিমাণে মাটির তৈজসপত্র তৈরি করতাম। তবে এখন চাহিদা কম থাকায় কম পরিমাণে তৈরি করি।
একসময় এ জেলার মাটির তৈজসপত্রের দারুণ কদর ছিল। কিন্তু সময়ের সঙ্গে রুচির পরিবর্তনে মাটির তৈজসপত্র এখন আর কেউ ব্যবহার করেন না।
সে জায়গাটি দখলে নিয়েছে প্লাস্টিকসহ অন্যান্য সহজলভ্য ও টেকসইসামগ্রী।
তাই বাঁচার তাগিদে এ সম্প্রদায়ের মানুষ বাপ-দাদার ঐতিহ্যগত ব্যবসা ছেড়ে পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন।
শুধু ঐতিহ্যকে টিকিয়ে রাখতে গুটি কয়েক মানুষ এই ব্যবসা ধরে রেখেছেন। তবে সন্তানদের জড়িয়েছেন অন্য পেশায়।
মৃৎশিল্পের সঙ্গে জড়িতরা বলেন, ‘এখন এসব পণ্যের তেমন চাহিদা নেই।
বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে আমরা এখনও স্বল্প পরিসরে মাটির পণ্য তৈরি করে থাকি।
তবে নিজেদের সন্তানদের অন্য পেশায় কাজ করতে উৎসাহ দিচ্ছি।’
এদিকে মৃৎশিল্পকে ধরে রাখতে আর্থিকসহ সব সহযোগিতার আশ্বাস দিয়ে শেরপুর বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক বিজয় কুমার দত্ত বলেন,
‘আমরা তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা দিতে সচেষ্ট থাকবো। সেই সঙ্গে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’
উল্লেখ্য, এই ব্যবসার সঙ্গে জড়িতদের দাবি, শেরপুরে এককালে এই পেশায় প্রায় হাজারেরও বেশি পরিবার জড়িত থাকলেও বর্তমানের এ সংখ্যা নেমে এসেছে মাত্র ২০০তে।
আরও পড়ুন:

Comments are closed.