রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই-জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
বৈশ্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ নিয়ে বিএনপিকে সমালোচনা করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মুদ্রাস্ফীতি শতকরা ৯ ভাগ। আর বিএনপির দরদের দেশ পাকিস্তানে এটি শতকরা ৩৫ ভাগ।
মানুষের কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় দেশের মানুষ ভালো আছে।
আজ রবিবার (৯ এপ্রিল) দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন,
সরকার প্রতি মাসে ৭ থেকে ৮ শ কোটি টাকা ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য অস্বচ্ছলদের মাঝে বিক্রি করছে।
এতে করে রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই। বৈশ্বিক অবস্থা ভালো হলে দেশের মানুষ আরো বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে।
এজন্য আমাদের ধৈর্য্য ধরতে হবে। সবাইকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে আন্তরিকভাবে কাজ করলে দেশের অবস্থা ভালোর দিকে যাবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বানানো ছবি দিয়ে ভুল সংবাদ আগেও প্রচার হয়েছে, এখনও হচ্ছে।
এ বিষয়ে সাংবাদিকদের সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।
দেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয় সেদিকে খেয়াল রেখে সাংবাদিকদের বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
টিপু মুনশি বলেন, সমালোচনা হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেশের বা মানুষের ক্ষতি হয় এমন কাজ যেন সাংবাদিকদের মাধ্যমে না হয়।
সাংবাদিকরা সত্য প্রকাশের সাহসী মানুষ। সবসময় গণমাধ্যমে সত্যটাই ফুটিয়ে তোলার আহ্বানও জানান তিনি।
রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর,
রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী,
পীরগাছা উপজেলার চেয়ারম্যান মাহবুবার রহমান, রংপুর জেলা শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি,
প্রেস ক্লাব রংপুর সভাপতি মাহবুব রহমান হাবু,
রংপুর রিপোটার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজুসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক।
আরও পড়ুন:
