জমে উঠেছে বাণিজ্যমেলায় বেচাকেনা। মেলার শেষ শুক্রবার হওয়ায় এদিন ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মাসব্যাপী বাণিজ্যমেলা আজ ২৭তম দিনে নানা অফারে আকৃষ্ট হয়ে রাজধানী ও আশপাশের জেলার মানুষ কম দামে পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন।
আজ শুক্রবার বাণিজ্যমেলা ঘুরে দেখা গেছে, মূল্য ছাড়ের ঘোষণা ও অপ্রত্যাশিত মূল্য ছাড়ে মেলার শেষের দিকে এসে বাড়তে শুরু করেছে ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যাও।
ব্যবসায়ীরা বলছেন, আজ শেষ শুক্রবার হওয়ায় সকাল থেকেই ক্রেতা উপস্থিতি বাড়ছে। সময় শেষ দিকে হওয়ায় ডিসকাউন্ট অফারও মিলছে অনেক পণ্যে। শেষ সময়ের মূল্যছাড়ের অপেক্ষায় থাকা ক্রেতারাই শেষদিকে বেশি আসছেন।
মিরপুর থেকে আসা নওশিন জাহান বলেন, প্রতিবারই শেষসময়ে বাণিজ্যমেলায় আসা হয়। কারণ শেষের দিকে ছাড়ের পরিমাণ বাড়িয়ে দেন বিক্রেতারা। আমার বান্ধবীরা শুরুতে যে ব্রেসলেট ২০০ টাকা দিয়ে কিনেছে, সেই একই ব্রেসলেট এখন আমি ১২০ টাকা দিয়ে কিনেছি।
আগামী মঙ্গলবার শেষ হচ্ছে এবারের বাণিজ্যমেলা। সময় বাড়াতে স্টল ও প্যাভিলিয়ন মালিকদের পক্ষ থেকে আবেদন জানানো হলেও তা নাকচ করে দেয় আয়োজক সংস্থা ইপিবি।
