সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পোশাক পরার নির্দেশনাটি প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নির্দেশনাটি প্রত্যাহার করে বিবৃতি পাঠানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব–স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এ–সংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি ।
তিনি বলেন, তবে, বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে এবং তা বিদেশে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের নজরে এলে তিনি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার নির্দেশে এই অভ্যন্তরীণ আলোচনা থেকে তাৎক্ষণিকভাবে পুরো বিষয়টি প্রত্যাহার করা হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের কোনো নির্দেশনা থাকলে তা আনুষ্ঠানিকভাবে সার্কুলার আকারে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
যা বলা হয়েছিল প্রথম সার্কুলারে
বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ গতকাল যে সার্কুলারটি দিয়েছিল এতে নারী কর্মকর্তা–কর্মচারীদের শর্ট স্লিভ ও লেংথের ড্রেস অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যর পোশাক ও লেগিংস পরিহার করে শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়।
পুরুষদের পোশাকের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতার ফরমাল (আনুষ্ঠানিক) শার্ট ও ফরমাল প্যান্ট পরতে বলা হয়। পরিহার করতে বলা হয় জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট।
