সাংবাদিকরা বিরক্তি প্রকাশ করেছেন সাউন্ড সিস্টেমের সমস্যায়

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে সাউন্ড সিস্টেমে সমস্যা থাকায় বিরক্তি প্রকাশ করেছেন সাংবাদিকরা ।

শুক্রবার (২ জুন) আয়োজিত বাজেটোত্তর প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কথা বলা শুরু করলে তার কোথা শোনা যাচ্ছিল না।

ফলে উপস্থিত সাংবাদিকরা কথা শোনা যাচ্ছে না বলে অভিযোগ করলেও টেকনিক্যাল টিম কয়েকবার চেষ্টার পরেও সমস্যা সমাধান করতে পারছিলেন না।

এক পর্যায়ে সাংবাদিকরা আসন ছেড়ে অর্থমন্ত্রীর কথা শুনতে সামনে চলে আসেন।

পরবর্তীতে সাউন্ড সিস্টেমের কিছুটা উন্নতি হলেও অর্থমন্ত্রী জানান, সাউন্ড সিস্টেমের সমস্যার জন্য অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হবে।

শুরুতে সাউন্ড সিস্টেম ঠিক থাকার কথা উল্লেখ করে মুস্তফা কামাল বলেন,

‘কিন্তু যখন অনুষ্ঠান শুরু হলো তখনই ঝামেলা হলো। আপনারা প্রত্যেকে একটা করে প্রশ্ন করুন। এর বেশি প্রশ্ন করবেন না।’

এতে অনেক সাংবাদিক বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রশ্ন করার সুযোগ পাননি বলে বিরক্তি প্রকাশ করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

বিশাল এ বাজেটের মোট ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

মোট বাজেটের ৫ লাখ কোটি টাকা রাজস্ব থেকে আয় হবে।

এবারের বাজেটের মূল লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা ও জিডিপি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা।

সেই লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের মতো ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৭ শতাংশ।

তবে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ১ শতাংশ বাড়িয়ে সাড়ে ৫ থেকে সাড়ে ৬ শতাংশ করা হয়েছে।

নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৫ লাখ কোটি টাকা।

চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা।

তবে অর্থবছর শেষ হয়ে এলেও রাজস্ব আদায়ে এখনও প্রায় ৩৫ হাজার কোটি টাকা ঘাটতি রয়ে গেছে।

রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।

এনএএন টিভি