সারের দাম বৃদ্ধির পর চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্যশস্য সংগ্রহের জন্য ধান ও চালের দাম কেজিতে তিন ও চার টাকা বাড়িয়েছে সরকার।
এতে আশার আলো দেখছেন রংপুর অঞ্চলের চাষিরা।
তবে কৃষক নেতারা বলছেন, বাজার ব্যবস্থায় সিন্ডিকেট ভাঙতে না পারলে চাষিদের সব সময় দুশ্চিন্তায় থাকতে হবে।
চলতি মাসের ১০ এপ্রিল সরকার ইউরিয়াসহ অত্যাবশ্যকীয় ৪টি সারের দাম প্রতি কেজিতে ৫ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়।
এতে লোকসানের আশঙ্কায় পড়েন কৃষকরা। এ অবস্থায় বৃহস্পতিবার চলতি বোরো মৌসুমে ধান-চাল কেনার দাম ঘোষণা করেছে খাদ্য বিভাগ।
খাদ্য বিভাগের তথ্যমতে, ৩ টাকা বাড়িয়ে ৩০ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ৪ লাখ মেট্রিকটন ধান ও
৪ টাকা বাড়িয়ে ৪৪ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে সাড়ে ১২ লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকার ধান ও চালের দাম বাড়ানোয় স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। কৃষকরা জানান, চাল ও ধানের দাম বাড়লে কৃষকরা উপকৃত হবে।
নইলে সারসহ অন্যান্য আনুষঙ্গিক জিনিসের বাড়তি দামের কারণে লোকসান গুণতে হবে।
আর জেলা খাদ্য নিয়ন্ত্রকের মতে, সংগ্রহের লক্ষ্যমাত্রা কম হলেও সরকারি দামের প্রভাবে ধানের বাজার চাঙ্গা থাকলে কৃষকরা সুফল পাবে।
রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজু বলেন,
গত আমন মৌসুমে ধান কেনা না হলেও চলতি মৌসুমে ধান ক্রয়ের ব্যাপার আশাবাদী প্রশাসন।
এবার সরকারি দামের প্রভাবে ধানের বাজার চাঙ্গা থাকলে কৃষকরা লাভবান হবেন।
তবে কৃষক নেতারা বলছেন, ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নগণ্য।
পাশাপাশি সরকারের ঘরে ধান দেয়ার আগেই বরাবরের মতো ফড়িয়াদের মাধ্যমে কৃষকদের ধান নিজেদের ঘরে মজুত করে ফেলবে সিন্ডিকেট চক্র।
রংপুর জাতীয় কৃষক সমিতির সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, বাজারে ধান ও চালের দাম সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি থাকবে।
এই সুযোগে মিলাররা মজুত করবে। ফলে মৌসুমের সময় প্রান্তিক চাষিরা এর লাাভ পাবে না।
তাই সরকারকে সরাসরি কৃষকের বাড়ি থেকে ধান ক্রয়ের ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন:
