পুরান ঢাকার নবাবপুরে আগুনে পুড়ল গুদাম

পুরান ঢাকার নবাবপুরে আগুনে একটি গুদামঘর পুড়ে গেছে। ওই গুদামে নবাবপুর মার্কেটের প্রায় অর্ধশত দোকানের মালামাল রাখা ছিল।

তাৎক্ষণিকভাবে আগুনে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে নবাবপুর মার্কেটের পাশের ওই গুদামঘরে আগুন লাগে।

গুদামঘরটির একাংশ একতলা এবং আরেক অংশ দোতলা। সব জায়গায় ওপরে ছিল টিনের ছাউনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে তাদের সঙ্গে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট যোগ দেয়।

রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গুদামঘরটির প্রায় সব ঘর আগুনে পুড়ে যায়।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কেউ হতাহত হওয়ার খবরও তাঁরা পাননি।

পুরান

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গুদামঘরে হঠাৎ আগুন জ্বলে ওঠে। আগুনের শিখা অনেক ওপরে উঠে যায়।

একপর্যায়ে পাশের একটি ভবনের দোতলায় আগুন ছড়িয়ে পড়ে।

টিনশেড ওই দোতলায় কিছু ব্যক্তি মেস করে থাকতেন। আগুনের তীব্রতা দেখে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওই গুদামঘরের দোতলায় মো. শামীম নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মালামাল রাখা ছিল।

পুরান
হার্ডওয়্যার ব্যবসায়ী মো. শামীম

মো. শামীম জানান, গুদামের কক্ষগুলোয় প্রায় অর্ধশত দোকানের মালামাল ছিল।

এর মধ্যে হার্ডওয়্যার, রাসায়নিক, জুতা, যন্ত্রাংশ ও বৈদ্যুতিক সরঞ্জাম রাখা ছিল। সবকিছুই পুড়ে গেছে বলে ধারণা করছেন তিনি।

শামীম বলেন, চার মাস আগে তিনি ওই গুদামঘর ভাড়া নিয়েছিলেন। এর মধ্যে সাত লাখ টাকার মালামাল উঠিয়েছিলেন। সব পুড়ে শেষ হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আখতারুজ্জামান জানান, গুদামঘরটি সরু গলিতে হওয়ায় এবং উৎসুক জনতা ভিড় করায় আগুন নিয়ন্ত্রণে আনতে তাঁদের বেগ পেতে হয়েছে।

আরও পড়ুন: 

এনএএন টিভি