সংকট কাটিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র আবার চালু হলেও উৎপাদন ধরে রাখতে এখন মূল চ্যালেঞ্জ প্রয়োজনীয় ডলার সংস্থান। বর্তমানে যে পরিমাণ কয়লা মজুত রয়েছে, তা দিয়ে বিদ্যুৎকেন্দ্রটি পুরোদমে চালানো যাবে বড়জোর ১৭ দিন।
সম্প্রতি রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক সুভাস চন্দ্র পাণ্ডে জানান, কয়লা আমদানির উৎস কিংবা খালাসের অবকাঠামো ঠিকঠাক থাকলেও মূল চ্যালেঞ্জ হচ্ছে এলসি (ঋণপত্র) খোলা। সেক্ষেত্রে প্রয়োজনীয় ডলার মিললে বিদ্যুৎকেন্দ্র ফের বন্ধ হওয়ার শঙ্কা নেই।
তিনি বলেছেন, ‘এলসি খোলা একটি চলমান প্রক্রিয়া। আমরা আশাবাদী যে এ প্রক্রিয়ায় এখন আর কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু যদি বাংলাদেশে ব্যাংক কিংবা সংশ্লিষ্ট কোনো ব্যাংক ডলার ছাড় দিতে না পারে, সেক্ষেত্রে আমি কোনো মন্তব্য করতে চাই না। কয়লা কেনার চুক্তি নিয়ে কোনো সমস্যা নেই। কেবল বৈদেশিক মুদ্রার (ডলার) প্রাপ্যতা নিয়ে সমস্যা হতে পারে।’
গত আগস্টে পরীক্ষামূলক উৎপাদনের পর ১৭ ডিসেম্বর জাতীয় গ্রিডে মিলতে শুরু করে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার আলোচিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ। কিন্তু মাত্র ২৮ দিনের মাথায় ১৪ জানুয়ারি কয়লা সংকটে কেন্দ্রটির উৎপাদন বন্ধ করে দিতে হয়।
এলসি জটিলতা কাটিয়ে ৯ ফেব্রুয়ারি ৩০ হাজার টন কয়লা খালাস হয়। যার ওপর ভর করে এক মাসের ধাক্কা কাটিয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উৎপাদনে ফিরে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট। শুরুতে উৎপাদন ১০০ মেগাওয়াট হলেও পরে তা ছাড়ায় ৪০০ মেগাওয়াটে। তবে এ উৎপাদন ধরে রাখাই এখন মূল চ্যালেঞ্জ।
বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পুরোদমে চালাতে দৈনিক ৫ হাজার টন কয়লা প্রয়োজন। সেক্ষেত্রে বর্তমানে পাইপলাইনে থাকা ৮৫ হাজার টন কয়লা দিয়ে বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় বড়জোর ১৭ দিন চলতে পারবে।
এদিকে সরেজমিনে বিদ্যুৎকেন্দ্র এলাকায় অবকাঠামোগত অনেক কাজ অসম্পূর্ণ দেখা গেলেও প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নির্মাণকাজ ৮৩ শতাংশ শেষ হয়েছে। দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হলে সেপ্টেম্বর থেকে দৈনিক ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুতের জোগান দিতে পারবে রামপাল।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক সুভাস চন্ত্র পাণ্ডে বলেন, ‘দ্বিতীয় ইউনিটের কাজ তুলনামূলক কম। কারণ কেবল মূল কেন্দ্র যেমন বয়লার, টারবাইন ও এফজিডি নিমার্ণ করতে হবে। বাকি সব বিষয় প্রথম ইউনিটের জন্য যা চালু করা হয়েছে, সেগুলোই দ্বিতীয় ইউনিটের ক্ষেত্রেও কাজে দেবে।’
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত বিদ্যুৎকেন্দ্রটি নানা আলোচনা থাকলেও প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, পরিবেশগত সব মানদণ্ড মেনেই রামপালের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

Comments are closed.