বলিউড অভিনেতা সালমান খানকে আবারও প্রাণনাশের হুমকি। এবার দুর্বৃত্তরা তাঁকে বাড়িতে ঢুকে হত্যা এবং বোমায় গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে এই মেসেজ পাঠানো হয়। ইতিমধ্যে ওরলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে এই মেসেজটি পাঠাল, সেটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানে একটি ছবির শুটিং করতে গিয়েছিলেন সালমান। তাঁর সঙ্গে ছিলেন সোনালি বেন্দ্রে, সাইফ আলি খান ও টাবু। সেই সময় বলিউড ভাইজানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। এরপর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান। এই জেরে কয়েক বছর ধরে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি।
এদিকে, গত বছর ১৪ এপ্রিল দুই অজ্ঞাত যুবক বাইকে চড়ে এসে সালমানের বান্দ্রার ফ্ল্যাটের সামনে চার রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় পরে সামাজিকমাধ্যমে বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে দায় স্বীকার করে নেওয়া হয়।
এ ছাড়াও গত বছরের নভেম্বরে মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে প্রাণনাশের হুমকি পান অভিনেতা। এই ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১৮ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সালমানের নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস ক্যাটেগরি করা হয়।
