দীর্ঘদিন প্রেম করে নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বর্তমানে এ অভিনেত্রী রয়েছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। সেখানকার নিয়ম অনুযায়ী, নিজের ভালোবাসার মানুষকে তালাবন্দি করলেন মেহজাবীন। তালাবন্দির পর সেজন্য তালার চাবিটিও ফেলে দিয়েছেন নদীতে তিনি।
শনিবার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তালাবন্দির একটি ভিডিও প্রকাশ করেছেন মেহজাবীন। ওই ভিডিওতে দেখা যায়, তিনি একটি ব্রিজের উপর তালা নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই তালাতে আদনান ও মেহজাবীনের নাম রয়েছে। পরে সেই তালাটি একটি রেলিংয়ে লাগিয়ে দেন তিনি। এরপর তাকে উচ্ছাসিত অবস্থায় দেখা যায়। এমনকি, তালার দিকে উড়ন্ত চুমো দিতেও দেখা যায়।ৎ
এই সেতুর নিচে বয়ে চলেছে সাইন নদী। যুগলরা ভালোবাসার প্রতীক হিসেবে এখানে তালা লাগিয়ে তার চাবি ফেলে দেন নদীতে। সেই ঐতিহ্য মেনেই মেহজাবীন-আদনান দম্পতিও তাদের ভালোবাসাকে তালাবন্দি করলেন চিরতরে।
তবে ঠিক কখন তালা লাগিয়েছেন, তা স্পষ্টভাবে জানা যায়নি। কারণ সম্প্রতি মেহজাবীন ইউরোপ সফরের ছবি পোস্ট করছেন নিয়মিত। কোনোদিন ইতালির মিলান, তো আরেকদিন সুইজারল্যান্ডে ঘোরার ছবি প্রকাশ করছেন। এর কিছুদিন আগেই কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন তিনি। ফলে প্রেম তালার ঘটনাটি ঠিক সেই সময়ের কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে নিজেদের সম্পর্ক নিয়ে মেহজাবীন লিখেছিলেন- ‘৯ এপ্রিল ২০১২-এ মিষ্টি হাসির এক ছেলের সঙ্গে আমার প্রথম দেখা। সেদিনের ১৫ মিনিটের কথা, হাত মেলানো, আর চোখের চাহনি থেকেই একটা সম্পর্কের শুরু। ১৩ বছরের এই পথচলায় একে অন্যের সাফল্য, ব্যর্থতা, আনন্দ ও কষ্ট সবকিছুরই সাক্ষী হয়েছি আমরা।’
তিনি আরও লেখেন, ‘শোনা যায়, সাত বছরের বন্ধুত্ব সারাজীবনের হয়। আমরা তো তার দ্বিগুণ সময় একসঙ্গে কাটিয়েছি।’
