ফিলিস্তিনিদের সমর্থন করে আক্রমণের মুখে ভারতীয় অভিনেত্রী

বলিউডের আলোচিত অভিনেত্রী স্বরা ভাস্কর।। ক্যারিয়ারের বাইরে মাঝে মধ্যেই সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে। এবার ফিলিস্তিনের পক্ষে সরব হয়ে আক্রমণের মুখে পড়লেন তিনি। গাজা এবং সমগ্র ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার প্রচার করেই মূলত আক্রমণের মুখে পড়েছেন এ অভিনেত্রী ।

সোমবার (১৬ জুন) সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এক পোস্টে কর্মসূচির পোস্টার শেয়ার করেন অভিনেত্রী স্বরা। পোস্টে তিনি লিখেছেন, ‘মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সবাই ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।’

তবে ওই পোস্ট ঘিরেই দেখা গেছে মিশ্রপ্রতিক্রিয়া। অনেকেই কমেন্টের মাধ্যমে স্বরাকে আক্রমণ করেছেন।

এক নেটিজেন মন্তব্য করেন, ‘পেহেলগামে হামলার সময়ে তো আপনাকে এমন সরব হতে দেখা যায়নি। নিহতদের জন্য তো মুম্বাইবাসীদের ডেকে সভা করেননি। ফিলিস্তিদের জন্য এত কান্না কেন।’ এমন কটাক্ষের মধ্যেও অনেকেই স্বরার পাশে দাঁড়িয়েছেন। তারা মনে করছেন, এই সময়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।

এছাড়া তার পোস্টকৃত কর্মসূচির পোস্টার গাজা ও ফিলিস্তিনের মানুষের পাশে থাকা নিয়ে বার্তা বহন করছে। সেখানে লেখা, ‘অক্টোবর নয়, ১৯৪৮ সালেই শুরু হয়েছিল।’ অর্থাৎ, সাম্প্রতিক নয়, বরং ১৯৪৮ সালেই যে যুদ্ধ শুরু হয়েছিল, সে কথাই স্পষ্টত বোঝাতে চেয়েছেন তিনি।

 

এন এ এন টিভি