স্ত্রীর প্রশংসা আবেগীও হয়ে ওঠেন : জাহিদ হাসান

দেশের আদর্শ তারকা দম্পতি হিসেবে বিবেচিত জাহিদ-মৌ দম্পতি। দুই দশক হলো একই ছাদের নিচে আছেন। কখনও টু-শব্দ শোনা না গেলেও সামাজিক অনুষ্ঠানগুলোতে একসঙ্গে দেখা যায় না জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌকে। এতে অনেকে ধরে নেন ভালো নেই তারা।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাহিদ হাসান। বিহাইন্ড দ্য ফ্রেম উইদ আরআরকে পডকাস্টে অতিথি হয়ে এসেছিলেন তিনি। সেখানে জানান দাম্পত্য জীবনে ভালো আছেন তারা। এ সময় ‘মৌকে মায়ের মতো বউ’ বলে উল্লেখ করেন।

জাহিদ বলেন, ‘আমরা ভালো আছি। কিছু লোক তো থাকেই এমনটা ভাবার জন্য। কিছু একটা বের করা লাগবে, এ জন্য এসব বলে বেড়ায়।’ জাহিদ হাসান জানান, মৌ তার সব বিষয়ে খেয়াল রাখেন। তাকে রান্না করে খাওয়ান

স্ত্রীর প্রশংসা করতে গিয়ে খানিকটা আবেগীও হয়ে ওঠেন অভিনেতা। বলেন, ‘আমাদের মধ্যে কখনও ইগোর লড়াই হয় না। কারণ, মৌ আমার চেয়ে অনেক ভালো মানুষ।’

একসঙ্গে কোথাও না যাওয়ার অভিযোগ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘মানুষ যা বলে সেটা আংশিক সত্যি। আমরা একসঙ্গে খুব একটা যাই না। কারণ আমি কাজের ব্যস্ততায় থাকি। শুটিংয়ের জন্য নিজের ভাইয়ের বিয়েতেও যেতে পারিনি। এখনো যদি কোনো ক্লাবে যাই, আড্ডা শেষ করে বের হতে ইচ্ছাই করে না। তাই অনুষ্ঠানে মৌ-ই একা যায়।’

কথোপকথনের এক পর্যায়ে উঠে আসে অভিনেতার অতীত প্রেমের প্রসঙ্গও। জাহিদ জানান, তার সাবেক প্রেমিকার কথা মৌ জানেন এবং মাঝে মাঝে এ নিয়ে মজাও করেন।

জাহিদের ভাষায়, ‘আমার আগের সম্পর্কের কথা পরিবারও জানে। একদিন মৌ মজা করে বলল, ‘এগুলো ফেলে রেখেছো কেন, যত্ন করে রাখো।’ তখন ওর হাতে ছিল অনেকগুলো পুরনো চিঠি।’

অতীতে এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন জাহিদ। তবে সম্পর্ক ভাঙার পর আর কখনো একসঙ্গে কাজ করেননি। এখন কোথাও দেখা হলেও তাদের মধ্যে কোনো কথোপকথন হয় না।

তবুও সাবেক প্রেমিকাকে নিয়ে কোনো কটু মন্তব্য করতে নারাজ জাহিদ হাসান।

তিনি বলেন, ‘তাকে নিয়ে কিছু বললে সেটা অসম্মান করা হয়। আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। আমার মতো সেও ভালো আছে এটাই সবচেয়ে বড় কথা।’

জাহিদ-মৌ দম্পতির রয়েছে দুই সন্তান। বড় মেয়ের নাম জোহায়রা জাহিদ পুষ্পিতা এবং ছোট ছেলে জারিফ জাহিদ সাইম। দুজনেই বর্তমানে পড়াশোনায় ব্যস্ত।

এনএএন টিভি