ডিভোর্স বিতর্কে মুখ খুললেন থালাপতি বিজয়

সম্প্রতি চেন্নাইয়ে এক প্রযোজকের ছেলের বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একই গাড়িতে এবং একসঙ্গে উপস্থিত হতে দেখা যায়।

গত ডিসেম্বরে বিজয়ের স্ত্রী সংগীতা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করার পর, এই প্রথম বিজয় ও তৃষাকে এভাবে জনসমক্ষে একসঙ্গে দেখা গেছে। যদিও বিজয় ও তৃষা তামিল সিনেমার অন্যতম সফল জুটি।

রোববার আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজয়। সেখানেই নিজের ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘যা রটছে ও ঘটছে, হতে দিন। এসবে কান দেবেন না। এই নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই। কারণ, যা ঘটে চলেছে তা নিয়ে মাথা ঘামানো মানে আপনাদের মূল্যবান সময়ের অপব্যবহার। আমি এই সবকিছুকে একা যুঝে নেব। তবে আমার সব থেকে খারাপ লাগে যা তা হলো আমার কারণে আপনাদের মন খারাপ হচ্ছে। আমার নামে যা রটছে, যে আলোচনা হচ্ছে তা নিয়ে আপনারা অত্যন্ত চিন্তিত তা দেখে আমি কষ্ট পাই। আপনারা এসব নিয়ে অকারণ দুশ্চিন্তা করবেন না।’

দিন কয়েক আগেই অভিনেত্রী তৃষার সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বিজয়। বিচ্ছেদ নিয়ে জোর চর্চার মাঝেই তাঁদের দেখে রোষে ফেটে পড়েছিলেন নেটিজেনরা। কয়েক দিন ধরেই বিজয়-সঙ্গীতার বিচ্ছেদচর্চা চলছে। আদালতের তরফে ইতিমধ্যে বিজয়কে আগামী ২০ এপ্রিল আদালতে সশরীর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনেই এই মামলার পরবর্তী শুনানিও হবে।

বিজয়ের স্ত্রী আগে অভিযোগ এনেছিলেন, এক অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্কে রয়েছেন বিজয়। ২০২১ সালেই স্বামীর এই সম্পর্কের বিষয়ে তিনি জানতে পেরেছিলেন। বারবার বিজয়ের পক্ষ থেকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি স্ত্রী সঙ্গীতাকে দেওয়া হলেও সেই কথা বিজয় রাখেননি বলেই জানিয়েছেন তাঁর স্ত্রী সঙ্গীতা।

Share this news as a Photo Card