রাজধানীর পূর্ব রায়েরবাজার এলাকার একটি মেস থেকে ‘পুনর্জন্ম’ নাটকের নির্বাহী প্রযোজক মাসুদুল মাহমুদ রুহানের (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, আত্মহত্যা করেছেন তিনি।
প্রাথমিকভাবে পুলিশ এটি ‘আত্মহত্যা’ মনে করলেও, অপেক্ষা করা হচ্ছে ময়নাতদন্ত রিপোর্টের। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মৃত্যুর আগে ফেসবুকে লেখা রুহানের শেষ পোস্ট।
বুধবার (৮ মে) দিবাগত রাত ১টার দিকে হাজারীবাগ থানা পুলিশ রাজধানীর পূর্ব রায়েরবাজার হাইস্কুলের ঢালে ১১৬/৩ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলার মেস থেকে রুহানের (২৭) লাশ উদ্ধার করে।
এরপর ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয় রুহানের লাশ। হঠাৎ প্রযোজকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে।
রুহানের কাছের মানুষরা বলছেন, ভালোবেসে বিয়ে করেছিলেন রুহান। কিন্তু দুবছরের মাথায় বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপরই মানসিক অবসাদে ভুগছিলেন রুহান। আর তা থেকেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। এদিকে ভাইরাল হওয়া প্রযোজকের ফেসবুকে করা শেষ পোস্টেও মিলেছে বিরহের বেদনা।
মৃত্যুর আগে ফেসবুকে ৮ মে রুহান শেষবারের মতোন লেখেন, ‘আমার চেনা পৃথিবীর বুকে যেমন তুমি নাই, তোমার বুকেও আমি নাই! তাহলে কেন সেদিন বলেছিলে? আমার সাথেই এই জন্ম কাটিয়ে দেবে? ভুল বুঝিও না। আমি দোষ দিচ্ছি না। জাস্ট বললাম আর কি!’
উল্লেখ্য, মাসুদুল মাহমুদ রুহান ‘রেডরাম’ চলচ্চিত্র, ‘দ্যা সাইলেন্স’ ওয়েব সিরিজ, ‘আমি কি তুমি’সহ আরও বহু নির্মাণে প্রযোজনার দায়িত্বে ছিলেন। কিন্তু হঠাৎই মানসিক অবসাদের সাগরে অতলে তলিয়ে যেতে যাওয়া রুহান মুক্তি পেতে বেছে নেন ‘আত্মহত্যা’র পথ।
