আপেল হইয়ো না: বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও চমক দেখালেন ভক্তদের। রূপ, গ্ল্যামার ও অভিনয়শৈলীর পাশাপাশি তিনি নিয়মিতই সোশ্যাল মিডিয়ায় নতুন ধরনের উপস্থাপনায় নজর কাড়েন। এবারও তার ব্যতিক্রমী ফ্যাশন সেন্সে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
সম্প্রতি জয়া নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে সম্পূর্ণ নতুন এক ফিউশন লুকে। লাল রঙের পাথরের নকশা করা জমকালো ব্লাউজের সঙ্গে তিনি পরেছেন ধূসর জিন্স—ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে নির্মিত এই সাজেই যেন আলাদা আবেদন ছড়িয়েছেন অভিনেত্রী।
ছবিতে কপালে লাল টিপ, খোঁপায় লাল-সাদা গোলাপ, চোখে স্টাইলিশ সানগ্লাস—সব মিলিয়ে জয়া পেয়েছেন এক আভিজাত্যপূর্ণ রূপ। হাতে পাথরের চুড়ি ও বালা তার লুককে করেছে আরও নিখুঁত। তবে সব আলোচনার কেন্দ্রে ছিল জয়ার হাতে থাকা টুকটুকে লাল আপেল।
কখনো আপেল হাতে, কখনো মাথায় ব্যালেন্স করে, আবার কখনো ঠোঁটের কাছে এনে—বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, “আপেল হয়ো না”, যা প্রকাশের পর থেকেই নেটিজেনদের মাঝে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
ভক্ত-অনুরাগীরাও ছবিগুলোতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বাক্স। কেউ লিখেছেন, “খুব সুন্দর লাগছে”, কেউ আবার প্রশংসায় জানিয়েছেন, “লাভ অফ মাই লাইফ”। অনেকে রসিকতা করে মন্তব্য করেছেন, “পুরো আগুন লাগছে, জল নিয়ে আয়!”
ফ্যাশন ও উপস্থাপনার অভিনবত্বে আবারও প্রমাণ করলেন—চমক দিতে জয়া আহসান সবসময়ই প্রস্তুত।
