ইসলাম ধর্ম গ্রহণ করলেন কেনিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী,কেজিয়া জিরোনো

কেনিয়ার জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী কেজিয়া জিরোনো, যিনি ডিজে কেজ নামে পরিচিত, তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন। কেনিয়ার একাধিক গণমাধ্যমে তার ইসলাম গ্রহণের সংবাদ প্রকাশিত হয়েছে।

চলতি বছরের ১১ জুলাই ডিজে কেজ তার ইনস্ট্রাগ্রামে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। তিনি ইনস্ট্রাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে ও তার মেয়েকে ইসলামী পোশাক পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। তার মেয়ের হাতে মেহেদি রয়েছে। তিনি সেখানে তাদের শাহাদাত পাঠের কথা জানান। তিনি তাতে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা আমাদের শাহাদাহ গ্রহণ করেছি। এটা আমাদের জীবনে শুরু করা সবচেয়ে সুন্দর অধ্যায়।

আমি এখন একজন মুসলিম।’ পোস্টে তার অনুসারীদের অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার জন্য শুভ কামনা করেছেন। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে জিয়াহ এবং তাঁর কন্যার নাম রাখা হয়েছে লিয়ানা। ইসলাম গ্রহণের মাধ্যমে তাঁর জীবনে নতুন আধ্যাত্মিক যাত্রার সূচনা হলো ।

ডিজে কেজ একজন ‘গসপেল ডিজে’ হিসেবে পরিচিত ছিলেন, যিনি চার্চ ও ধর্মীয় সমাবেশে সংগীত পরিবেশন করতেন। তবে তার জীবনের পথচলা ছিল বেশ কঠিন। মাত্র ১৭ বছর বয়সে ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হলে তাঁকে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ থেকে বহিষ্কার করা হয়। সামাজিকভাবে লাঞ্ছিত হয়ে তিনি চার্চ ত্যাগ করে সেক্যুলার ধারার গান গাইতে শুরু করেন।

পরবর্তীতে ২০২০ সালে তিনি পুনরায় ধর্মীয় সংগীতে ফিরে এলেও শেষ পর্যন্ত একান্ত আধ্যাত্মিক অন্বেষণের ধারাবাহিকতায় ইসলামের ছায়াতলে আশ্রয় নেন।

ইসলাম গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক চার্চে শুরু হয়নি, চার্চেও তা শেষ হয়নি। আমি বহু বছর ধরে আধ্যাত্মিকতার পথ খুঁজেছি। ইসলামের প্রতি আমার ঝুঁকে পড়া আকস্মিক নয়—এটি পবিত্র, এটি আমার নিজের পথ। বিশ্বাস কোনো আবদ্ধ বাক্স নয়, বরং এটি একটি আহ্বান—যাতে আমি সাড়া দিয়েছি।”

ডিজে কেজের ইসলাম গ্রহণের খবর কেনিয়ার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সামাজিক মাধ্যমে অসংখ্য অনুসারী তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

 

এনএএন টিভি