ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মাত্র ৫৪ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেছেন। শুক্রবার (২৩ মে) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর পর শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। রহস্য জাল বেধেছে তার মৃত্যু ঘিরে।
অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন আরেক অভিনেতা মনোজ বাজপায়ী। অসুস্থ থাকার পর শুক্রবার রাতে নয়াদিল্লির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মুকুলের সহকর্মীরা শোক প্রকাশ করে বিভিন্ন বার্তা প্রকাশ করছেন। যাদের মধ্যে রয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ।
শোনা যাচ্ছিল, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত ৭-৮ দিনে অবনতি ঘটে তার শারীরিক অবস্থার। ভর্তি হয়েছিলেন দিল্লীর একটি হাসপাতালে। কিন্তু ঠিক কী হয়েছিল তার, তা এখনও স্পষ্ট নয়।
এর মধ্যে শোনা যাচ্ছে, একাকীত্ব ও অবসাদ ঘিরে ধরেছিল তাকে। নেশাগ্রস্থ হয়ে পড়েছিলেন তিনি। এর মধ্যেই মুকুলের একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য।
মা-বাবার মৃত্যুর পরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছিলেন মুকুল। একা থাকতেন। কন্যাও সেভাবে বাড়িতে থাকতেন না। তাই একাকিত্বে ভুগছিলেন। অভিনেতার মৃত্যুর পর অবসাদের কথাও উঠে আসছে।
সেই জল্পনা উসকে দিয়েছে প্রয়াত অভিনেতার শেষ পোস্ট। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি শেষ পোস্ট করেছিলেন মুকুল। অভিনেতা পেশায় বিমানচালকও ছিলেন। শেষ পোস্টেও বিমান থেকে তোলা একটি ভিডিও। তাতে দেখা যায় মেঘের ফাঁক থেকে উঁকি দিচ্ছে দিগন্তরেখা।
সেই ভিডিওর ক্যাপশনে মুকুল লেখেন, ‘অন্ধকার পূর্বাভাস জেনে যদি তোমার মস্তিষ্কে বিস্ফোরণ হয়, তা হলে চাঁদের অন্ধকার পৃষ্ঠে তোমার সঙ্গে দেখা হবে।’ ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’-এর ‘ব্রেন ড্যামেজ’ গানের থেকে এই পংক্তি উদ্ধৃত করেছিলেন তিনি। এই গানে এক উন্মাদের কথা বলা হয়েছে।
শেষ পোস্টে এমন গান থেকে উদ্ধৃতি করায়, মুকুলের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে ভক্তদের মাঝে। তবে অভিনেতাকে নিয়ে তার ভাই রাহুল দেব সামাজিক মাধ্যমে লেখেন, ‘গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছে।
বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোটপর্দা থেকে বড় পর্দা- সব প্ল্যাটফর্মেই সমান তালে কাজ করেছেন। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের।
