রাশিয়ার তেল শোধনাগারগুলোর ওপর ইউক্রেনের অব্যাহত হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর, আনাদোলু এজেন্সির।
এসময় জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদারের ওপরও গুরুত্ব দেন রুশ প্রেসিডেন্ট।।
পুতিন বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের সরাসরি আহ্বানের পরও কিয়েভ আমাদের তেল শোধনাগারগুলোর ওপর হামলা বন্ধ করছে না। কিয়েভের কর্তৃপক্ষ কোনো পরামর্শ কানেই তুলছে না। এ বিষয়ে অবশ্যই বলব, আমাদের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া অনিবার্য।’
তিনি আরও বলেন, ‘আমাদের তেল শোধনাগার এবং সেখানে কর্মরত কর্মীদের নিরাপত্তা জোরদারে আর কী কী অতিরিক্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে আলোচনার প্রস্তাব করছি।’
রুশ প্রেসিডেন্ট দাবি করেন, গত জুনের শুরুতে ইউক্রেন যে উত্তেজনা শুরু করেছিল, তা ৪০ দিন স্থায়ী হওয়ার পরিকল্পনা ছিল এবং এটি রাশিয়ার বড় কোনো ক্ষতি করতে পারবে না।
তবে ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে তেল শোধনাগারগুলোর নিরাপত্তা জোরদার এবং কর্মীদের সুরক্ষায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
