ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে শরণার্থী রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায়, ওই নৌকায় থাকা অন্তত ৫০ জনের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২০ মার্চ) সকালে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কুয়ালা বুবন তীর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। এতে প্রায় ১৫০ জন রোহিঙ্গা ছিলেন বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, বুধবার সকালে আচেহ প্রদেশের পশ্চিম উপকূলের কুয়ালা বুবন সৈকত থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে উত্তাল সমুদ্রে নৌকাটি দুর্ঘটনার শিকার হয়।
জেলেরা নৌকাটিতে থেকে চার নারী ও দুই পুরুষসহ ছয়জনকে উদ্ধার করে তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যান। সেখানে গিয়ে তারা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি ফয়সাল রহমানের সঙ্গে কথা বলেন।
রহমান বলেন, উদ্ধার হওয়া জীবিতরা তাকে বলেছেন, অনেকেই পানিতে ডুবে মারা গেছেন।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, হতাহতের সঠিক সংখ্যা আমরা নিশ্চিত করতে পারছি না। তবে উদ্ধার হওয়া ছয়জন জানিয়েছেন- অনেকে মারা গেছেন। তাদের অনুমান, নৌকাটি ডুবে যাওয়ার সময় প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে।
যাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, তাদের বেশির ভাগই সাঁতারে অক্ষম নারী ও শিশু। স্রোতে তারা সমুদ্রে ভেসে যায়।

Comments are closed.