নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৯৪

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত ৯৪ জন নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই গ্রামবাসী। পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে এএফপি।

বুধবার (১৬ অক্টোবর) নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় জিগাওয়া রাজ্যের মাজিয়া নামে একটি উপশহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ট্যাঙ্কারটি পোর্থারকোর্ট নামে একটি জায়গা থেকে ইয়োজ রাজ্যের নগুরুতে যাচ্ছিল।

মাজিয়া পৌঁছালে ট্যাঙ্কারটির একটি ট্রাকের সাথে সংঘর্ষের উপক্রম হয়। চালক সংঘর্ষ এড়ানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায় এবং এর থেকে তেল পড়তে শুরু করে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পর গ্রামবাসীরা ট্যাঙ্কারটির চারপাশে ভিড় করে এবং রাস্তায় ও ড্রেনে পড়ে থাকা জ্বালানি সংগ্রহ করার চেষ্টা করে। এত পর্যায়ে ট্যাঙ্কারটি হটাৎ বিস্ফোরিত হয় এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।

সেই আগুনেই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ৫০ জন। তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তাদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে নাইজেরিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। এর প্রধান কারণ রাস্তাগুলো খুবই বাজে। দুর্ঘটনার পর বাসিন্দারা প্রায়ই জ্বালানি সংগ্রহ করার চেষ্টা করে থাকে।

এনএএন টিভি