যে যে রাজ্যে মোদি বেশি প্রচার করেছেন, সেখানেই ভরাডুবি!

ভারতে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ হয় গত ১ জুন। তার আগে ৩০ মে বিকাল ৫টা পর্যন্ত প্রচারের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। এরপরই কন্যাকুমারী গিয়ে ধ্যানে মগ্ন হয়েছিলেন নরেন্দ্র মোদি। তবে তার আগে শেষবারের মতো কলকাতায় গিয়ে প্রথমবারের মতো রোড শো করেছিলেন মোদি। সেই বঙ্গ সফরে আরও তিনটি জনসভাও করেছিলেন তিনি। তবে তিনি যেখানে যেখানে প্রচারে গিয়েছিলেন, তার কোনওটাতেই বিজেপি জেতেনি।

দেখা যাচ্ছে, নির্বাচনী নির্ঘণ্ট বাজার পর থেকে পশ্চিম বাংলায় মোট ২০টি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেন মোদি। অবশ্য তার আগে মার্চ থেকেই পশ্চিম বাংলায় বেশ কিছু রাজনৈতিক জনসভায় ভাষণ দিয়েছিলেন মোদি। সেগুলো মিলিয়ে নিলে এবার পশ্চিম বাংলায় মোট ২৪টি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেন মোদি। তার মধ্যে ২৩টি জনসভা এবং একটি রোড শো। এবার উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর কেন্দ্রে মোদি সভা করেছিলেন। এর মধ্যে কোচবিহার ছাড়া বাকি সবকটি আসনে বিজেপি জিতেছিল। এদিকে দক্ষিণবঙ্গের বর্ধমান-দুর্গাপুর, কৃষ্ণনগর, বোলপুর, হাওড়া, আরামবাগ, হুগলি, ব্যারাকপুর, বারাসত, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বিষ্ণুপুর, যাদবপুর এবং মথুরাপুর কেন্দ্রে সভা করেন মোদি। এর মধ্যে শুধু পুরুলিয়া এবং বিষ্ণুপুরে বিজেপি জেতে। সব মিলিয়ে প্রচারের নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ কর্মসূচি পশ্চিম বাংলায় করেছিলেন মোদি। সেই রাজ্যে গতবার যেখানে বিজেপি ১৮টি আসনে জিতেছিল, এবার সেই সংখ্যা নেমে আসে ১২-তে।

এদিকে দেশের মধ্যে যে রাজ্যে মোদি সব থেকে বেশি নির্বাচনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন, সেটি হল উত্তরপ্রদেশ। এই রাজ্য থেকে মোট ৮০ জন সাংসদ নির্বাচিত হন। এখান থেকে মোদি নিজেও ভোটে লড়েন। এই আবহে উত্তরপ্রদেশে মোদি ৩১টি নির্বাচনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখনে বিজেপির আসন সংখ্যা ৬২ থেকে নেমে ৩৩ হয়েছে। এদিকে তালিকায় মহারাষ্ট্রেও ১৯টি নির্বাচনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মোদি। সেখানে বিজেপির আসন সংখ্যা ২৩ থেকে নেমে ৯ হয়েছে। মোদির প্রচার কর্মসূচির নিরিখে চতুর্থ স্থানে ছিল মহারাষ্ট্র। আর তৃতীয় স্থানে ছিল বিহার। সেখানে অবশ্য বিজেপি-সহ এনডিএ ভালো ফল করেছে এবার।

উল্লেখ্য, মঙ্গলবার ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে নরেন্দ্র মোদির বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দলটি জিতেছে ২৪০ আসনে। এককভাবে সরকার গঠনে দরকার ২৭২ আসন। তবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩ আসন পেয়েছে। তাই জোটগতভাবে এবার সরকার গঠন করবে বিজেপি। অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোট পেয়েছে ২৩৩ আসন। কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯ আসন।

এনএএন টিভি

Share this news as a Photo Card