সিরিয়ার আলেপ্পোতে রাতভর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সোমবার (৩ জুন) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে এ তথ্য জানিয়েছে সিরিয়ার একটি সামরিক সূত্র।
সূত্রটি জানিয়েছে, আলেপ্পোর দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি স্থান থেকে মধ্যরাতের পর ইসরাইল হামলা চালায়। ক্ষেপণাস্ত্রগুলো আলেপ্পো শহরের আশপাশের এলাকায় আঘাত হেনেছে। এর ফলে বহু মানুষ নিহত হয়েছেন। বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে।
এছাড়াও সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে।
আলেপ্পোর একটি সামরিক সূত্র সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে জানিয়েছে, হতাহতদের মধ্যে ইরাকি এবং ইরান-সমর্থিত অন্যান্য গোষ্ঠীর যোদ্ধারা রয়েছেন। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর হামলা চালানোর জন্য সরকারপন্থি বাহিনী যে এলাকা ব্যবহার করে, সেখান থেকে হামলা হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আলেপ্পো শহরের উত্তরে হায়ান শহরে একটি বিমান হামলায় ইরানপন্থি গোষ্ঠীর ১৬ জন সদস্য নিহত হয়েছেন।
২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার অভ্যন্তরে অসংখ্য হামলার বিষয়ে ইসরাইল খুব কমই মন্তব্য করে। তবে তারা বারবার বলেছে, তারা সিরিয়ায় ইরানের উপস্থিতি বাড়তে দেবে না। গত মাসে ইসরাইল সিরিয়ার উপকূলীয় শহর বানিয়াসে হামলা চালায়।
এর আগে, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর দুই জেনারেলসহ কয়েকজন কর্মকর্তাকে হত্যা করে ইসরাইল। এ হামলার প্রতিশোধে ইসরাইলে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে ইরানের সামরিক বাহিনী।
