শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিপাতে বন্যায় ১৪ জনের মৃত্যু, সব স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। আরও বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস থাকায় সোমবার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের (ডিএমসি) বরাতে এসব তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদন বলা হয়, গতকাল রবিবার রাজধানী কলম্বোর কাছে একই পরিবারের তিন সদস্যসহ কয়েকজন বন্যার পানিতে ডুবে মারা গেছেন। ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে ১১ বছর বয়সী এক কিশোরী ও ২০ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। গত মাসের ২১ তারিখ থেকে বৃষ্টিপাতের মাত্রা বাড়ার পর এ পর্যন্ত গাছ পড়ে বিভিন্ন স্থানে ৯ জন মারা গেছেন।
বৈরি আবহাওয়ার কারণে কলম্বোর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা ফ্লাইটগুলোকে একটি ছোট বিমানবন্দরে নেমে যেতে বলা হয়। এ ছাড়া কয়েকটি মহাসড়কের বেশকিছু অংশ বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

ডিএমসি জানায়, শ্রীলঙ্কার ২৫টি জেলার মধ্যে ২০টিই ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তাই দেশটির প্রধান নদীগুলোর তীরে বসবাসকারী জনগোষ্ঠীকে উঁচু ভূমিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আরও ভারি বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। ফলে সাপ্তাহিক ছুটির সঙ্গে সোমবারও সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card