অন্য জাতের এক তরুণের সঙ্গে পালিয়ে যাওয়ায় এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এটি ‘সম্মানরক্ষার্থে’ হত্যা।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ভারতের বিহারের সমস্তিপুরের। বুধবার (৯ এপ্রিল) বাড়ির একটি পরিত্যক্ত বাথরুম থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর নাম সাক্ষী। গত ৭ এপ্রিল তাকে খুন করে বাড়ির মধ্যেই একটি অব্যবহৃত বাথরুমে মরদেহ ঢুকিয়ে তালাবন্ধ করে রাখা হয়।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, অন্য জাতের এক যুবকের সঙ্গে প্রেম ছিল সাক্ষীর। পাশের গ্রামেই থাকেন তিনি। সেই যুবকের সঙ্গে গত ৪ মার্চ পালিয়ে গিয়েছিলেন সাক্ষী। তারা দু’জনে একসঙ্গে কলেজে পড়তেন।
সাক্ষীর মামা বিপিন কুমার জানিয়েছেন, গত ৪ মার্চ দিল্লি পালিয়ে গিয়েছিলেন তারা। সেখানে এক আত্মীয়ের বাড়িতে উঠেন। পরে বুঝিয়ে ফিরিয়ে আনা হয়।
পুলিশ কর্মকর্তা বীরেন্দ্র কুমার সত্যার্থী বলেন, এই ঘটনায় সাক্ষীর বাবা মুকেশ সিংহকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
