উত্তর গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

গাজায় চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, বেইত লাহিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে দুইজন ফিলিস্তিনি নিহত হন। সরাসরি গুলিতে প্রথমে একজন পরে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু ও বাড়িঘরের ওপর গুলি চালালে আরেকজন ফিলিস্তিনির মৃত্যু হয়।

এদিকে, ২০২৩ সালের ৮ই অক্টোবর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। এই আক্রমণ দুই বছর ধরে চলে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। অন্যদিকে ২০২৫ সালের ১০ই অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও তা ইসরায়েল অব্যাহতভাবে লঙ্ঘন করেই চলেছে।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৩৩৪ জন ফিলিস্তিনি নিহত ও ৪ হাজার ৪২৯ জন আহত হয়েছেন এবং উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচ থেকে শত শত মৃতদেহ উদ্ধার করেছে।