ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের চলতি বছরের আসরের উদ্বোধন হয়েছে শুক্রবার (২৫ আগস্ট) আফ্রিকার দেশ মাদাগাস্কারে।
আর এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন ১২ জন দর্শক। এছাড়া আহত হয়েছেন ৮০ জনের মতো।
শনিবার (২৬ আগস্ট) এই খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম রয়টার্স।
কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণ ক্ষমতার বেশি মানুষ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আসায় এমন দুর্ঘটনা ঘটেছে।
মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে সাংবাদিকদের হতাহতের সংখ্যা জানান। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে রেডক্রস কর্মকর্তা জানান, স্টেডিয়ামের প্রবেশপথে মাত্রাতিরিক্ত ভিড় থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়েন অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনা। দর্শকদের পদদলিত হয়ে মৃত্যুর ঘটনাকে ট্র্যাজিক ঘটনা হিসেবে আখ্যা দেন তিনি।
এই দুর্ঘটনার কারণে স্টেডিয়ামে এক মিনিট নিরবতা পালন করা হয়।
১৯৭৭ সাল থেকে চালু হওয়া ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের আসর বসে চার বছর পরপর। আসরকে ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ থাকে বেশ।
তাই আগেও এ ধরনের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টটি।
২০১৯ সালের আসরে মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছিলেন। ২৫ আগস্ট শুরু হওয়া এবারের আসরের পর্দা নামবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
আরও পড়ুন :
- রাজধানীতে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে যুবকের কবজি বিচ্ছিন্ন
- শ্রী শ্রী দূর্গাচরন সাধু নাগ মহাশয় এর ১৭৭ তম জন্ম উৎসব উদযাপন
- চুয়াডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

Comments are closed.