চীনের জাপানিজ স্কুলে ছুরিকাঘাতে ১০ বছরের শিশুর মৃত্যু

দক্ষিণ চীনের একটি জাপানিজ স্কুলে ছুরিকাঘাতে আহত এক স্কুল ছাত্র মারা গেছে।

বুধবার (১৮ই সেপ্টেম্বর) স্কুল গেটের সামনে হামলার শিকার হওয়ার পর আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর শিশুটির মৃত্যু হয়েছে। সেনজেনের স্কুলটিতে হামলার শিকার শিশুটিকে স্কুল গেট থেকে প্রায় ২০০ মিটার দূরে এক ব্যক্তির ছুরিকাঘাতে আহত হয়েছিল। বার্ত সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া এই হামলাকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন। বলেছেন, টোকিও বেইজিংয়ের কাছে যত তাড়াতাড়ি সম্ভব এ ঘটনার ব্যাখ্যা চেয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। হামলা উদ্দেশ্য নিয়েও কিছু জানা যায়নি।

কয়েক মাসের মধ্যে চীনের জাপানি শিক্ষাপ্রতিষ্ঠানে এটি দ্বিতীয় হামলা বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, আহত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হামলাকারীকে ঘটনাস্থলেই আটক করা হয়।

 

এবিষয়ে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম ঝং এবং তার বয়স ৪৪ বছর। তবে কী উদ্দেশে তিনি এই হামলা চালিয়েছেন তা স্পষ্ট নয়।

 

এরআগে গত জুনে প্রায় একই রকম হামলা হয় চীনের পূর্বাঞ্চলীয় শহর সুঝোতে। একটি জাপানি স্কুলের বাসে হামলা হলে তখন একজন চীনা নাগরিকের মৃত্যু হয়। তিনি এক জাপানি মা এবং তার সন্তানকে আততায়ীর হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন।