চীনের স্কুলবাসের ধাক্কায় ৫ শিশুসহ ১১ জনের মৃত্যু

চীনের শানডং প্রদেশে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে মোড়ের মধ্যে আগে থেকে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর উঠে পড়লে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

সিসিটিভি জানিয়েছে, এই দুর্ঘটনায় ছয় বাবা-মা ও পাঁচ শিশু নিহত হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। রয়টার্সের তথ্য।

সামাজিক মাধ্যম উইচ্যাটে দেয়া এক বিবৃতিতে ডংপিং পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) সকালে শানডংয়ের ডংপিং কাউন্টির একটি মোড়ে ছাত্রদের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই এই দুর্ঘটনা ঘটে। এখন বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এর আগে গত জুলাই মাসে হুনান প্রদেশে একটি মোটর গাড়ি পথচারীদের চাপা দিলে আটজন নিহত হয়। তার আগে মে মাসে জিয়াংসু প্রদেশে ৩৯ জন শিক্ষার্থীসহ ৪৫ জন যাত্রীর একটি বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। মূলত গাড়ি চালানোর সময় চালকের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটে।

চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। ট্রাফিক নিয়মের দুর্বল প্রয়োগ এবং নিরাপত্তা সচেতনতার অভাবে এসব ঘটনা ঘটে। চীনের পিপলস ডেইলি জানায়, ক্যাম্পাসে নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধ, স্কুলবাসের নিরাপদ ব্যবহার এবং ট্র্যাফিক টহলসহ শিক্ষার্থী ও স্কুলের নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় চীন।