নৌকা ডুবে ইয়েমেনে ৭ শিশুসহ ২১ জনের মৃত্যু

ইয়েমেনের উত্তর-পশ্চিম উপকূলে লোহিত সাগরে নৌকা ডুবে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। নৌকাটিতে মোট ২৭ জন যাত্রী ছিল। মঙ্গলবার স্থানীয় একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

নৌকা

দেশটির জেলা পরিষদের কর্মকর্তা আকরাম আল-আহদাল চীনের সংবাদ সংস্থা সিনহুয়াকে বলেন, মঙ্গলবার বিকেলে বন্দরনগরী হোদেইদাহর উত্তরাঞ্চলের আলুহেয়াহ জেলার উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

ওই কর্মকর্তা আরো বলেন, যাত্রীরা এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আলুহেয়াহ থেকে লোহিত সাগরের বৃহত্তম ইয়েমেনি দ্বীপ কামারান দ্বীপে যাচ্ছিলেন। তারা সবাই স্থানীয় গ্রামবাসী।

নিহতদের মধ্যে ১২ জন নারী, ৭ শিশু এবং ২ জন পুরুষ রয়েছেন।

এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ছয়জনকে প্রাথমিক চিকিৎসার জন্য হোদেইদাহ শহরের আল-থাওরা হাসপাতালে নেওয়া হয়েছে।

ঝোড়ো হাওয়ার কারণে নৌকা ডুবির ঘটতে পারে বলে জানান আকরাম।

২০১৪ সালের অক্টোবর থেকে কামরান দ্বীপ ও হোদেইদাহ বন্দর হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণেই রয়েছে।

সূত্র : বাসস

Share this news as a Photo Card