ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। শনিবার (২২ অক্টোবর) ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেছে আরও এক ফিলিস্তিনির। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাথায় বুলেটের আঘাত লাগে ৩২ বছর বয়সী আরাফাহ রাবির। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
ইসরায়েলি বাহিনীর দাবি, কালকিলিয়া শহরের দক্ষিণ-পূর্বে একটি চেকপয়েন্ট পার হয়ে অবৈধভাবে ইসরায়েলে ঢুকে পড়েছিল একটি গাড়ি। আটকাতে চাইলে পালানোর চেষ্টা চালায় আরোহীরা। এক ইহুদি সেনাকে ধাক্কাও মারে তারা। সেসময় গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা।
এদিকে, এক ইসরায়েলিকে ছুরিকাঘাতের অভিযোগে পূর্ব জেরুজালেমে আরেক ফিলিস্তিনিকে গুলি করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। তেল আবিবের দাবি, আবারও ইহুদি সেনাদের ওপর হামলার চেষ্টা করায় গুলি করা হয় ওই তরুণকে। ঘটনাটি বিবৃতির মাধ্যমে স্বীকার করলেও বলা হয়নি যে পুলিশ কীভাবে তাকে শনাক্ত করেছে, কী ধরনের অস্ত্র নিয়ে যাচ্ছিলেন ওই ফিলিস্তিনি।
