ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় ১২ জন নিহত

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ধানবোঝাই একটি ট্রাকের চাপায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ধানবোঝাই ট্রাকটি চিনোর দিক থেকে আসছিল। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকা একটি ঢালু সড়কে ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বলে জানা গেছে। এ সময় মন্দিরে আসা ভক্তদের চাপা দিয়ে মন্দিরের ফটক ও বাইরের দেয়ালে ধাক্কা খায় ট্রাকটি।

গোয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ধর্মবীর সিং জানান, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১২ জন মারা গেছেন। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাড় ভেঙে গেছে। বাকিদের আঘাত তুলনামূলক কম।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card