সিন্ধুর পানি ছাড়ল ভারত, হঠাৎ বন্যায় ডুবলো পাকিস্তানের কাশ্মীর

কোন আগাম সতর্কতা ছাড়াই ঝিলাম নদীর অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে মাঝারি মাত্রার বন্যার কবলে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাংশ। এ ঘটনায় পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) মুজাফফরাবাদের কর্তৃপক্ষ জানায়, ভারত ঝিলামে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়েছে। এতে নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজ ও ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারত কোনো ধরনের আগাম বার্তা না দিয়েই শনিবার সকালে ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে। এতে করে সেখানে হঠাৎ করে বন্যার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পাকিস্তান জানায়, ভারত যদি সিন্ধু নদী থেকে পানির প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তবে তারা একে যুদ্ধ ঘোষণার শামিল বলে বিবেচনা করবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নেতারাও। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো বলেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে।

এনএএন টিভি