আর্জেন্টিনা ও চিলির দক্ষিনাঞ্চলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এছাড়া আরও দুটি আফটারশকও অনুভূতি হয়েছে। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে আর্জেন্টিনা ও চিলির দক্ষিণ উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়।
সংস্থাটি আরও জানিয়েছে, এর কেন্দ্রস্থল ছিল দক্ষিণ আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে ২১৯ কিলোমিটার দক্ষিণে ড্রেক প্যাসেজ অঞ্চলে।
ভূমিকম্পের পর প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চিলি কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে অবিলম্বে দক্ষিণ উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, ‘আমরা ম্যাগালানেস অঞ্চলজুড়ে উপকূলীয় এলাকা খালি করার আহ্বান জানাচ্ছি।’
চিলির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বাসিন্দাদের ‘শান্তভাবে কাজ করার এবং কর্তৃপক্ষ ও জরুরি উদ্ধারকারী দলের নির্দেশাবলি অনুসরণ করার’ পরামর্শ দিয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। বাসিন্দাদের সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ মিটার উপরে নিরাপদ এলাকায় সরে যেতে বলা হচ্ছে।
