গাজায় আরও চারজন ইসরায়েলি সেনা নিহত

উত্তর গাজায় উপত্যকায় সংঘর্ষ চলাকালে আরও চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ই নভেম্বর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

 

নিহতরা হলেন- স্টাফ সার্জেন্ট ওর কাৎজ (২০), স্টাফ সার্জেন্ট নাভে ইয়ায়ার আসুলিন (২১), স্টাফ সার্জেন্ট গ্যারি লালহ্রুয়াইকিমা জোলাট (২১) এবং স্টাফ সার্জেন্ট ওফির এলিয়াহু (২০)। তারা সবাই কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিল।

এই চার সেনাই সোমবার (১১ই নভেম্বর) নিহত হয়েছে। তবে তারা কীভাবে মারা গেছে, তা জানায়নি আইডিএফ।

গত অক্টোবরে হামাসকে নির্মূলের নামে গাজা উপত্যকায় স্থল অভিযানে নামে ইসরায়েলের বাহিনী। তারপর এই পর্যন্ত গাজায় ৩৭৫ জন ইসরায়েলি প্রাণ হারিয়েছে।

 

গত বছরের ৭ই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দক্ষিণে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এর জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় ইতিমধ্যে অবরুদ্ধ ছোট্ট এই উপত্যকায় ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের বেশিরভাগ নারী ও শিশু।

তবে এক বছর পর এই যুদ্ধ এখন আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নয়। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card