ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার

আগামী শুক্রবার (২৯ মার্চ) ভারত থেকে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ বাংলাদেশে আসতে পারে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অধিশাখা) রেজওয়ানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

 

অতিরিক্ত সচিব রেজওয়ানুর রহমান বলেন, প্রথমপর্যায়ে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ ট্রেনে করে ২৯ মার্চের (শুক্রবার) মধ্যে আসার কথা রয়েছে। অবশিষ্ট পেঁয়াজ পর্যায়ক্রমে আমদানি হবে।

 

জানা গেছে, দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ভারত থেকে জিটুজি পদ্ধতিতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। তবে ভারতের অভ্যন্তরীণ বাজারের দাম বাড়ায় দেশটির সরকার রপ্তানি বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়ে বাংলাদেশ। পরে হঠাৎ করে পণ্যটির দাম অনেক বেড়ে যায়।

 

বর্তমানে দেশে হালি পেঁয়াজের পূর্ণাঙ্গ মৌসুম চলছে। ভারতীয় পেঁয়াজ বাজারে এলেও দামের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে বুধবার (২৭ মার্চ) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিকবিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, ট্রেড করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জন্য ভারতের ন্যাশনাল করপোরেটিভ এক্সপোর্ট লিমিটেডের কাছ থেকে এই ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে। সরকারই এই প্রতিষ্ঠানটিকে ঠিক করে দিয়েছে।

Share this news as a Photo Card