মালয়েশিয়ায় ইফতারে জুস খেয়ে ফেলায় পাকিস্তানির হাতে বাংলাদেশি খুন

মালয়েশিয়ায় ইফতারের সময় কমলার জুস খেয়ে ফেলায় এক বাংলাদেশি শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে তার এক পাকিস্তানি সহকর্মী।

মঙ্গলবার (১৯ মার্চ) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৩৬’র একটি কারখানার শ্রমিক হোস্টেলে এ ঘটনা ঘটে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যমে বলা হয়, ইফতারের জুস পান করায় ওই পাকিস্তানির সঙ্গে বাংলাদেশি নাগরিকের বিরোধ দেখা দেয়। জানা গেছে, ভিকটিম বাংলাদেশি (৪৯) একজন সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ভিকটিম ও সন্দেহভাজন পাকিস্তানি নাগরিক একসঙ্গে ফ্যাক্টরির কন্টেইনারে তৈরি হোস্টেলে থাকতেন।

শাহ আলম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল ইব্রাহিম জানান, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পুলিশ ঘটনার খবর পায়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে ইফতারের সময় তার কমলার জুস পান করায় ৫১ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি ভুক্তভোগীর ওপর রেগে যান।

তিনি বুধবার (২০ মার্চ) এক বিবৃতিতে বলেন, ইফতারের সময় তার জুস পান করলে ভুক্তভোগী বাংলাদেশির ওপর রেগে যান অভিযুক্ত পাকিস্তানি নাগরিক। পরে তিনি রান্নাঘর থেকে ছুরি এনে একাধিকবার ভুক্তভোগীকে ছুরিকাঘাত করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ একটি ছুরিও জব্দ করেছে।

দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্ত চলমান রয়েছে, যার অধীনে মৃত্যুদণ্ড বা ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ড, যদি মৃত্যুদণ্ড আরোপ করা না হয়, তবে অন্তত ১২ বার বেত্রাঘাতের শাস্তি দেওয়ার হবে।

Share this news as a Photo Card