হোয়াইট হাউসে হামলাকারীর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে শনিবার রাতে উপস্থিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেখানে ঘটে যায় অপ্রীতিকর এক ঘটনা। অনুষ্ঠানের ঠিক বাইরে গুলির আওয়াজ শোনা যায়। তৎক্ষণাৎ ট্রাম্পকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তার পরিচয়ও শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। হামলাকারীর প্রথম ছবি প্রকাশিত হয়েছে, যেখানে তাকে ওয়াশিংটন হিলটন হোটেলের সিঁড়ির কাছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা মাটিতে চেপে ধরা অবস্থায় দেখা যায়।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ওই সন্দেহভাজনের ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তার গায়ে কোনো শার্ট নেই এবং তার হাত পেছনে বাঁধা অবস্থায় রয়েছে।

ফক্স নিউজ ও নিউ ইয়র্ক পোস্টের কলামিস্ট ক্যারল মার্কোউইজ শনিবার এক্সে জানান, সন্দেহভাজন ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। ৩১ বছর বয়সি এই হামলাকারী ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, সন্দেহভাজনের কাছে একাধিক অস্ত্র ছিল। সিক্রেট সার্ভিস তাকে আটক করার আগে একজন কর্মকর্তাকে গুলি করা হয়, তবে তিনি বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় রক্ষা পান।

সূত্র: এনডিটিভি