গাজায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হাজারো তাঁবু, ভয়াবহ দুর্ভোগে বাস্তুচ্যুতরা

শীতের আগমনের সঙ্গে ভারী বৃষ্টিতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার বাস্তুচ্যুত মানুষ।  হাজার হাজার তাঁবু বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। নষ্ট হয়ে গেছে বিছানা, কম্বল, কার্পেট ও খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের অভাবে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন লাখো ফিলিস্তিনি।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রাত থেকে গাজায় ভারী বৃষ্টি শুরু হওয়ার পর ৭০ হাজারের বেশি তাঁবু পানিতে প্লাবিত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, আরও কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষ এমন এলাকায় আশ্রয় নিয়েছেন, যেগুলো বন্যা ও জলাবদ্ধতার উচ্চ ঝুঁকিতে রয়েছে।

মধ্য গাজার আজ-জাওয়াইদা এলাকায় একটি তাঁবুতে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন ৭০ বছর বয়সী জাবের আল-কাসিহ। শনিবার রাতে ভারী বৃষ্টির পানি তাদের তাঁবুতে ঢুকে পড়ে। এতে পরিবারের সবাই ঘুম থেকে উঠে পড়েন। পানিতে ভিজে যায় বিছানা, কম্বল, কার্পেট ও সামান্য জমিয়ে রাখা খাবার।

জাবের বলেন, বৃষ্টির পানিতে পুরো তাঁবু তলিয়ে যাওয়ায় সবাই রাতভর জেগে ছিলেন। আশপাশের প্রতিবেশীদের খোঁজখবর নিয়েছেন এবং শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

তিনি জানান, গত শীতেও তার আশ্রয়শিবির তিন থেকে চারবার পানিতে প্লাবিত হয়েছিল। এবার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অধিকাংশ তাঁবু ছিঁড়ে গেছে এবং কাদায় ঢেকে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার এক বছরের বেশি সময় পার হলেও গাজায় প্রয়োজনীয় আশ্রয়সামগ্রী প্রবেশে ইসরায়েল বাধা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ৬০ হাজার অস্থায়ী মোবাইল বাড়ি এবং দুই লাখ তাঁবু। তবে অনুমোদন পেয়েছে মাত্র ২০ হাজার তাঁবু। অন্যদিকে মোবাইল বাড়িগুলোর অনেকগুলোই দুই বছরের বেশি সময় ধরে মিসর সীমান্তের পাশে আটকে রয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে অস্থায়ী আবাসন, তাঁবু ও ধ্বংসস্তূপ সরানোর ভারী যন্ত্রপাতি প্রবেশের কথা ছিল। কিন্তু এসব সরঞ্জাম গাজায় পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, গাজায় প্রায় ১ লাখ ২১ হাজার তাঁবু এবং ৫ লাখ ৬১ হাজার ত্রিপলের প্রয়োজন। কিন্তু বর্তমানে মজুত থাকা সামগ্রীর পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম।

উত্তর গাজার বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে আজ-জাওয়াইদায় আশ্রয় নেওয়া নারী ওম হানি হামুদা বলেন, বৃষ্টির প্রথম ধাক্কাতেই তাদের তাঁবুর অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। এসব তাঁবু শীত, ঝড় কিংবা বৃষ্টি থেকে কোনো সুরক্ষা দিতে পারছে না।

তিনি বলেন, যুদ্ধবিরতির পর পরিবারের জন্য একটি মোবাইল বাড়ি কিংবা অন্তত ভালো আশ্রয়ের ব্যবস্থা হবে বলে আশা করেছিলেন। কিন্তু এখনো কোনো অগ্রগতি দেখছেন না।

হামুদার ভাষায়, তারা শুধু একটি মর্যাদাপূর্ণ জীবন চান। পুরোনো তাঁবুর পরিবর্তে একটি সাধারণ মোবাইল বাড়ি পেলেও তাদের জন্য অনেক স্বস্তির হতো।

যুদ্ধের সময় তার পরিবারকে প্রায় ১৫ বার বাস্তুচ্যুত হতে হয়েছে। তার সন্তানরা আগের স্বাভাবিক জীবনের কথা মনে করে কান্নাকাটি করে বলেও জানান তিনি।

গাজায় বাস্তুচ্যুত মানুষের দুর্দশার আরেকটি চিত্র তুলে ধরেছেন ৫১ বছর বয়সী জিহাদ দাওয়াস। ভারী বৃষ্টিতে তাদের তাঁবুতে পানি ঢুকে পড়ায় সন্তানদের শুকনো জায়গায় ঘুমানোর ব্যবস্থা করতে পারেননি তিনি। এমনকি ঝোড়ো বাতাসে আশপাশের অনেক তাঁবুও উড়ে গেছে।

দাওয়াস জানান, বৃষ্টির পানিতে বিছানা ও প্লাস্টিকের আবরণ ভিজে যাওয়ায় তার সন্তানদের দাঁড়িয়ে ঘুমাতে হয়েছে। পরদিন সকালে ঠান্ডা ও ঝড়ের কারণে কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে।

নিজের সাত সন্তান এবং ভাইয়ের এতিম তিন সন্তানকে নিয়ে আশ্রয়শিবিরে বসবাস করছেন তিনি। নিজের অর্থে তাঁবু কিনলেও কোনো দাতব্য সংস্থা বা সহায়তা কর্মসূচি থেকে এখনো তাঁবু পাননি বলে অভিযোগ করেন।

তিনি বলেন, একটি তাঁবু কখনো বাড়ির বিকল্প হতে পারে না। তাদের জীবন এখন অবশিষ্ট যা আছে, তা নিয়েই টিকে থাকার সংগ্রাম।

ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের চেয়ারম্যান রামি আবদু আলজাজিরাকে বলেন, বিপুলসংখ্যক তাঁবু, মোবাইল বাড়ি, অস্থায়ী আবাসন ও আশ্রয় সরঞ্জাম ইসরায়েলি বিধিনিষেধের কারণে গাজার সীমান্তে আটকে রয়েছে।

তার মতে, ১৫ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি পুরোনো ও ক্ষতিগ্রস্ত তাঁবুতে আরেকটি শীত পার করার ঝুঁকিতে রয়েছেন। এমনকি যারা বাড়ি বা অ্যাপার্টমেন্টে রয়েছেন, তারাও নিরাপদ নন। কারণ গাজার প্রায় ৮৫ শতাংশ বাড়িঘর ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, কাঠ ও জরুরি আশ্রয় সরঞ্জামের চালান প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে। ফলে অনেক পরিবার নিজেদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করে সেখানে বসবাসের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে।

রামি আবদু বলেন, দখলদার শক্তি হিসেবে চতুর্থ জেনেভা কনভেনশন অনুযায়ী বেসামরিক মানুষের জন্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা এবং মানবিক সহায়তা প্রবেশে সহযোগিতা করা ইসরায়েলের আইনি দায়িত্ব।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card