ইসরায়েলের পরমাণু রহস্য নিয়ে দীর্ঘ ছয় দশকের নীরবতা ভাঙতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ

ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা নিয়ে দীর্ঘ ছয় দশকের গোপনীয়তা আর কত দিন বজায় থাকবে—এ প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্রে। ইরানের পারমাণবিক কর্মসূচি, সৌদি আরবের সঙ্গে ওয়াশিংটনের সম্ভাব্য পরমাণু সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা এ বিতর্ককে সামনে নিয়ে এসেছে। ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিনের নীরব অবস্থান থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসার আহ্বান জানাচ্ছেন দেশটির আইনপ্রণেতারাও।

ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক কেন্দ্রের প্রকৃত পরিচয় একসময় আড়াল করতে বস্ত্র কারখানা হিসেবে প্রচার করা হয়েছিল। ষাটের দশকে মার্কিন কূটনীতিকদের কাছেও স্থাপনাটির প্রকৃত উদ্দেশ্য গোপন রাখার চেষ্টা করে তেল আবিব। পরবর্তী সময়ে মার্কিন গোয়েন্দাদের কাছে এ বিষয়ে তথ্য পৌঁছালেও প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি দীর্ঘ ছয় দশকের যুক্তরাষ্ট্র।

দীর্ঘদিনের সেই কৌশল এখনো অব্যাহত রয়েছে। ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে নিজেদের পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি। একইভাবে যুক্তরাষ্ট্রও দেশটির পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব নিশ্চিত করেনি। বিশেষজ্ঞদের ভাষায়, এই অবস্থানই ‘পারমাণবিক অস্পষ্টতা’ নীতি। বিভিন্ন হিসাব অনুযায়ী, ইসরায়েলের হাতে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়।

মূলত স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন ও আরব দেশগুলোর সম্ভাব্য প্রতিক্রিয়া এড়াতে এই নীতি গ্রহণ করা হয়েছিল। ১৯৬৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেইরের বৈঠকের পর ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের চাপ অনেকটাই কমে যায়।

তবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে সেই নীতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উদ্বেগ বাড়ছে। দেশটির কাছে এখনো প্রায় এক হাজার পাউন্ড উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে সৌদি আরবও একই পথে এগোনোর হুঁশিয়ারি দিয়েছে। এর মধ্যে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তির বিষয়টি পর্যালোচনা করছে মার্কিন কংগ্রেস।

এমন প্রেক্ষাপটে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীরবতা অবসানের দাবি জানিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতা হোয়াকিন কাস্ত্রো। তাঁর মতে, এ বিষয়টি এড়িয়ে যাওয়া বিপজ্জনক। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্য, এ ইস্যুতে সংশ্লিষ্ট বিভিন্ন স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।

এদিকে ইসরায়েলকে দেওয়া প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা প্রকাশ্যে স্বীকার করার সম্ভাব্য পরিণতি নিয়েও উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, এমন স্বীকৃতি মধ্যপ্রাচ্যে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার পথ খুলে দিতে পারে। অন্যদিকে দীর্ঘদিনের নীরবতা বজায় রাখলে অঞ্চলটির পারমাণবিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও আরও কঠিন হয়ে উঠতে পারে।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card