ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে দেশে ধরপাকড় শুরু করে ইরানের পুলিশ। ১২ দিনের যুদ্ধে তারা প্রায় ২১ হাজার ‘সন্দেহভাজন’কে গ্রেপ্তার করার দাবি করেছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজেরোল মাহদি এ তথ্য জানান।
গত ১৩ জুন থেকে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর, ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ শত শত সাধারণ নাগরিক নিহত হন। এরপর ইরানি নিরাপত্তা বাহিনী ব্যাপক গ্রেফতার অভিযান শুরু করে।
এ সময় রাস্তা-ঘাটে চেকপয়েন্ট ও ইরানের জনসাধারণের রিপোর্টভিত্তিক কড়াকড়ি নজরদারি চালানো হয়। সংঘর্ষ চলাকালে যুক্তরাষ্ট্রও ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালায়। ইরানি নাগরিকদের আহ্বান জানানো হয়, তারা যেন সন্দেহজনক আচরণকারীদের বিষয়ে তথ্য দেন।
পুলিশ মুখপাত্র সাঈদ মনতাজেরোলমাহদি বলেন, ‘জনগণের ফোনকল ৪১ শতাংশ বেড়েছে, যা ১২ দিনের যুদ্ধে ২১ হাজার সন্দেহভাজন গ্রেফতারের দিকে নিয়ে গেছে।’
ইসরায়েল-ইরান সংঘাতের পর ইরানে অবৈধভাবে থাকা আফগান অভিবাসীদের বহিষ্কারের গতি বেড়েছে। সহায়তাকারী সংস্থাগুলো বলছে, স্থানীয় কর্তৃপক্ষ কিছু আফগান নাগরিকের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগও তুলেছে।
মুখপাত্র আরও জানান, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২,৭৭৪ অবৈধ অভিবাসীকে আটক করেছে এবং তাদের ফোন পরীক্ষা করে ৩০টি বিশেষ নিরাপত্তা-সংক্রান্ত মামলা শনাক্ত করেছে। মোট ২৬১ জন গুপ্তচরবৃত্তির সন্দেহভাজন ও অনুমোদন ছাড়া ভিডিও ধারণের অভিযোগে ১৭২ জনকেও গ্রেফতার করা হয়েছে।’
সূত্র: আল জাজিরা।
